ইভ্যালির রাসেলের সাতক্ষীরার আদালতে তিন মাসের কারাদণ্ড

 

ইভ্যালির রাসেলের সাতক্ষীরার আদালতে তিন মাসের কারাদণ্ড


 

চেক প্রতারণার অভিযোগে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একইসঙ্গে, চেকে বর্ণিত ১ লাখ ৫৫ হাজার টাকা সমপরিমাণ অর্থ জরিমানা ধার্য করা হয়েছে।

রবিবার (২২ জুন) দুপুর ৩টার দিকে আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এই রায় ঘোষণা করেন। এ সময় রাসেল আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার সূত্রে জানা যায়, সাতক্ষীরা শহরের রাজার বাগান এলাকার বাসিন্দা শেখ তানজির আহমেদ ইভ্যালি থেকে একটি আপাচি ১৬০ সিসি সিঙ্গেল ডিস্ক মোটরসাইকেল অর্ডার করেন এবং সম্পূর্ণ মূল্য পরিশোধ করেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি মোটরসাইকেল সরবরাহ করেনি।

পরবর্তীতে ক্ষতিপূরণ হিসেবে ইভ্যালির পক্ষ থেকে তাকে ১ লাখ ৫৫ হাজার টাকার একটি চেক দেওয়া হয়, যার সর্বশেষ জমাদানের তারিখ ছিল ১১ জানুয়ারি ২০২২। চেকটি জমা দেওয়ার পর ডিজঅনার (বাউন্স) হয়ে ফেরত আসে। এরপর তানজির আহমেদ আইনি নোটিশ পাঠান, যা ৩০ জানুয়ারি ২০২২ ইভ্যালির পক্ষ থেকে গ্রহণ করা হলেও পাওনা পরিশোধে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

শেষমেশ প্রতারিত হয়ে তিনি হস্তান্তরযোগ্য দলিল আইনের আওতায় ইভ্যালির সিইও রাসেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।এ মামলার প্রেক্ষিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং চেকের সমপরিমাণ অর্থ জরিমানা আদায়ের নির্দেশ দেন।এই মামলার রায় বিষয়ে সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ বিএম ইমরান (শাওন) গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এই রায় ইভ্যালি বিতর্কে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় যুক্ত করলো। চেক প্রতারণা আইন লঙ্ঘনের দায়ে বিচারিক সিদ্ধান্তে সিইও রাসেলকে দণ্ডিত করায় ভুক্তভোগীদের মাঝে নতুন করে আলোচনার সূত্রপাত ঘটেছে।

Post a Comment

0 Comments